মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে পরানধর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন দুই যুবককে ভারতীয় মদসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।