হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনী সীমান্তে বিজিবির অভিযান, ১২ লাখ টাকার মাদক উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বিজিবির জব্দ করা মাদকদ্রব্য। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কাজীপুর বিওপির টহল দল। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কাজীপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল মদ ও ৪ হাজার সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে কাজীপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। কাজীপুর বর্ডারপাড়া মাঠ নামের একটি স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ এবং ৪ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১২ হাজার টাকা। মাদকদ্রব্য বিধিমতো গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিশেষ অভিযান চালিয়ে আসছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।