হোম > সারা দেশ > মেহেরপুর

কাপড় কাচতে গিয়ে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাগরী খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের মো. জামরুল ইসলামের স্ত্রী।

সাগরী খাতুনের স্বামী জামরুল ইসলাম বলেন, ‘আমি কাজে যাওয়ার পর জানতে পারি, কাপড় কাচতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা গেছে। সে প্রায়ই কাপড়-চোপড় পরিষ্কারের জন্য নদীতে যেত।’

ভবানীপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল ইসলাম বলেন, ‘সাগরী খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।’

ভবানীপুর ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নদীতে তাঁর এবং শিশুর কাপড়-চোপড় পরিষ্কার করতে গিয়েছিল।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’