মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামারখালী সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। তাঁদের অভিযোগ, রাস্তায় গাছ ফেলে গতকাল রাতে একটি মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এর আগেও ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান তাঁরা। রাতে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী কামরুল ইসলাম বলেন, ‘আমরা কুষ্টিয়া থেকে রোগী দেখে মাইক্রোবাসে কামারখালী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় ডাকাতেরা রাস্তায় গাছ ফেলে আমাদের গতিরোধ করে। তারা প্রথমে আমাদের ও শিশুদের গলায় হাঁসুয়া ধরে। কথা বললে জবাই করে দেওয়ার হুমকি দেয়। এরপর আমাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয়। তবে মোবাইল ফোনগুলো ফেরত দেয়।’
তিনি আরও বলেন, ‘ডাকাতদের কাছে হাঁসুয়া, রামদা ও তলোয়ার ছিল। তাদের মুখও বাঁধা ছিল। আমার কাছে ২ হাজার ৫০০ টাকা ছিল। অনুরোধ করেও টাকা ফেরত পাইনি।’
আরেক ভুক্তভোগী মো. ইদ্রিস আলী বলেন, ‘আমরা কুষ্টিয়া থেকে রোগী দেখে বাড়ি ফেরার পথে কামারখালী সড়কে পৌঁছালে ডাকাতেরা আমাদের গতিরোধ করে ঘিরে ফেলে। পরে গাড়ির লাইট বন্ধ করে দেয়। বেশি নড়াচড়া করলে গাড়ির ভেতরে বোমা মেরে দেওয়ার হুমকি দেয়। আমার কাছে ১০ হাজার টাকা ছিল, সেটি নিয়ে নেয়। পরে নারীদের কাছে থাকা স্বর্ণালংকারও নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে গাড়ির চাবি ফেরত দিয়ে লাইট বন্ধ করে চলে যেতে বলে। গাড়িতে আমরা ১২ থেকে ১৩ জন ছিলাম।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘গতকাল রাত আনুমানিক ১২টার দিকে কামারখালী সড়কে ডাকাতির ঘটনা ঘটে। লোকজনের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ছিনতাই চক্রের সদস্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। সেখানে পাঁচ থেকে ছয়জন ডাকাত সদস্য ছিল বলে জানা গেছে।’