মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্তে এ ঘটনা ঘটে। সকাল ৯টা ১০ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্তের ১২৭ নম্বর পিলার-সংলগ্ন এলাকা দিয়ে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা এ চেষ্টা চালান। বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। পরে বিজিবির বাধার মুখে ওই ছয়জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান রনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশ ইন গ্রহণযোগ্য নয়। বিএসএফের যেকোনো পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাশেদ হাসান আরও বলেন, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দিঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ছয় অজ্ঞাতনামা ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যান।
বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল জোরদার রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা বিজিবির নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে ওই চেষ্টাও ব্যর্থ হয়।