মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ। তাঁকে সহযোগিতা করেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দীন এবং গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২০১৯ সাল থেকে লাইসেন্স নবায়ন ছাড়াই হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। পরে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন। পাশাপাশি শহরের মোল্লা ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হয়। এ সময় অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিকটির এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ বলেন, ‘সরকারি নির্দেশে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আর অনিয়ম পেলে কোনো ছাড় হবে না। হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আর মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।’