হোম > সারা দেশ > মেহেরপুর

বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, দেখতে উৎসুক জনতার ভিড়

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

বোমাসদৃশ বস্তু দেখার জন্য এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে এক বিএনপি নেতার বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তুগুলো উপজেলার আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশে পড়ে ছিল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে আবুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যান।

বিএনপি নেতা আবুল হোসেন বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু দুটি রেখে গেছে। এলাকার শান্তি ও পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্তে কাজ করছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’