মেহেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে হাবিল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাঁউবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাবিল উদ্দিন ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাহাবুল ইসলাম তাঁর বাবার শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিল উদ্দিন।
মো. নুর আলম নামের স্থানীয় একজন জানান, দুপুরের দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে গিয়ে হাবিল উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।