হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ধানের জমিতে জমে থাকা পানিতে কাজ করছেন কৃষক বুদু মিয়া। ছবি: আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেহেরপুরে দমকা হাওয়া ও বৃষ্টিতে আমন ধান, মাসকলাই ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ইতিমধ্যে জেলার ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে অনেক জমির পাকা আমন ধান হেলে পড়েছে। কেউ কেউ ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টিতে সেসব ধানও ভিজে গেছে। অন্যদিকে, মাসকলাই কেটে ঘরে তোলার আগেই বৃষ্টি শুরু হওয়ায় মাঠে পড়ে আছে ফসল। এতে বাড়তি খরচ ও লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

ধানের জমিতে জমে থাকা পানিতে কাজ করছেন কৃষক বুদু মিয়া। ছবি: আজকের পত্রিকা

আমন ধানচাষি মো. ফারুক আহমেদ বলেন, মাঠে অনেক ধান কাটা হয়েছে, আবার অনেক জমির ধান এখনো কাটার অপেক্ষায়। কেটে রাখা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। মাসকলাই নিয়েও একই শঙ্কা রয়েছে।

কৃষক বুদু মিয়া বলেন, মাঠে এখন পাকা আমন ধান। বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ধানের জমিতে পানি জমেছে। সেই পানি বের করার পাশাপাশি ভিজে যাওয়া ধান শুকনো জায়গায় রাখার চেষ্টা করছেন তিনি।

মাসকলাই মাড়াইয়ের জন্য রাস্তার পাশে স্তূপ করে রেখেছেন এক কৃষক। ছবি: আজকের পত্রিকা

মাসকলাইচাষি আব্দুস সাত্তার বলেন, মাসকলাই কেটে ঘরে তোলার আগেই বৃষ্টি শুরু হয়েছে। ফলে ফসল মাঠেই পড়ে আছে। কেউ কেউ মাড়াইয়ের জন্য কালাই রাস্তার পাশে তুলেও রেখেছিলেন। বৃষ্টিতে সেগুলো ভিজে গেছে। কালাইয়ের মধ্যে পানি জমে গেলে কষ্টের সীমা থাকবে না।

আমন ধানচাষি মো. শরিফুল ইসলাম বলেন, আমার অনেক ধান হেলে পড়েছে। কয়েক দিনের মধ্যে ধান কাটার পরিকল্পনা ছিল। এখন ধান পড়ে যাওয়ায় শ্রমিকের প্রয়োজন বেড়ে যাবে। আগে যেখানে দুই-তিনজন শ্রমিক লাগত, এখন পাঁচজন লাগতে পারে। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতিতে বাড়তি চাপ সামলানো কঠিন হবে।

আরেক আমনচাষি আলতার হোসেন বলেন, আমার প্রায় দুই বিঘা জমির ধান হেলে পড়েছে। এক-দুই দিনের মধ্যে ধান ঘরে তোলার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে চার-পাঁচ দিন আবহাওয়া খারাপ থাকলে ধান ঘরে তুলতে খরচ বাড়বে, পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

দমকা বাতাসে হেলে পড়েছে পাকা আমন ধান। ছবি: আজকের পত্রিকা

জেলা কৃষি কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ফসলের তথ্য সংগ্রহ চলছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।