মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, জোড়পুকুরিয়া গ্রামের মৃত মাক্তার আলীর ছেলে মঈনাল হকের বাড়ির গেটে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই সময়ে প্রতিবেশী সাজ্জাদ হাসানের বাড়ির গেটেও আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।
মঈনাল হকের ছেলে ইউসুফ আলী বলেন, দুর্বৃত্তরা আমাদের বাড়ির গেটে একটি এবং প্রতিবেশী সাজ্জাদ হাসানের বাড়ির গেটে আরেকটি ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় শুধু আমাদের পরিবার নয়, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।