হোম > সারা দেশ > মেহেরপুর

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর) 

গতকাল রাতে গাংনীর বামন্দী সড়ক থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে যানবাহন চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার করমদী, গরীবপুর, কাথুলী, বামন্দী-কাজীপুর, ভরাট ও জোড়পুকুরসহ বিভিন্ন সড়কের বেহাল। অনেক স্থানে কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে এসেছে এবং সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ট্রাক, নছিমন, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। অনেকেই আহত হচ্ছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বও বরণ করেছেন। এ ছাড়া যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় চালকদের অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

নছিমনচালক আকবর আলী বলেন, ‘উপজেলার প্রায় সব সড়কের অবস্থাই খারাপ। বিভিন্ন গ্রামে যাতায়াত করতে গিয়ে সব সময় ভয় নিয়ে চলতে হয়। কখন গাড়ি বিকল হয়ে যায়, সেই শঙ্কায় থাকি। দীর্ঘদিন ধরে একই অবস্থা দেখছি, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ে না।’

পাখিভ্যানচালক সাব্বির হোসেন বলেন, ‘বড় বড় গর্তের কারণে এমনিতেই সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়। তখন কোথায় গর্ত আর কোথায় সমতল রাস্তা, তা বোঝা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এবং অনেকের একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়িও ক্ষতিগ্রস্ত হয়।’

অটোচালক মিনারুল ইসলাম বলেন, ‘খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রোগীদের হাসপাতালে নেওয়ার সময় তারা আরও কষ্ট পান। দ্রুত সড়কগুলো মেরামত করা প্রয়োজন।’

ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, ‘সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত রয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে ট্রাকের যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

পথচারী মো. সোহেল রানা বলেন, ‘বামন্দী-কাজীপুর সড়কটি উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক হলেও এর অবস্থা সবচেয়ে খারাপ। সামান্য বৃষ্টিতেই বড় বড় গর্ত পানিতে ভরে যায়। এতে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়।’ তিনি আরও বলেন, ‘মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করতে করতে যেন অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এ অবস্থার দ্রুত পরিবর্তন প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সরেজমিনে এসে মানুষের দুর্ভোগ দেখা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া।’

স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের আশঙ্কা, সড়কগুলোর দ্রুত সংস্কার না হলে ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হবে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, ‘উপজেলার বিভিন্ন সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেরামতের জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।’

সীমান্তে পুশ ইন ও মানব পাচার চক্রের সক্রিয়তা: কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁয় বিজিবির কঠোর প্রতিরোধ

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

‘চামড়ার দাম একেবারেই কম, ন্যায্য দাম না পেলে মাটিতে পুঁতে রাখব’

শেষ সময়ে গাংনীর বামন্দী পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়, চলছে দর-কষাকষি

২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির ফাঁসির আদেশ

মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত