মেহেরপুর শহরের পৃথক পাঁচটি স্থান থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মেহেরপুর পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের প্রধান ফটক, সার্কিট হাউসের গেট, কমিউনিটি সেন্টারের সামনে এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসসংলগ্ন এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পাঁচটি স্থানে স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে কয়েকটি শপিং ব্যাগের ভেতরে রাখা ছিল। কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের পাঁচটি স্থান থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান চলমান রয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের দুটি বাড়ির ফটকের সামনে থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে গাংনী থানা পুলিশ।