হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় আ.লীগের সাবেক এমপি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

ফাইল ছবি

আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রেজাউল হক চৌধুরী ও তাঁর ছোট ভাই দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে মোট ৪ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৮০৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী বুলবুল আহমেদ আদালতে পৃথক দুটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি রেজাউল হক চৌধুরী দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

অন্যদিকে, তাঁর ছোট ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী দাখিল করা সম্পদবিবরণীতে ৩৪ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকার সম্পদ অর্জনের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামা ও দুদকের মাঠপর্যায়ের দীর্ঘ অনুসন্ধানে আসামিদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।