কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ১২ টন খোলা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আজ শনিবার সকালে খাজানগরের রাজধানী এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চিনি গলে রাস্তায় পড়তে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। একপর্যায়ে স্থানীয়দের অনেকেই হাঁড়ি-পাতিল ও বালতি নিয়ে সেই চিনি সংগ্রহ করতে শুরু করেন।
পরে স্থানীয়রা ট্রাকটি আটকে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিনিভর্তি ট্রাকসহ চারজনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রাথমিক তথ্যানুযায়ী চুয়াডাঙ্গার দর্শনা থেকে চিনিগুলো খাজানগরের উদ্দেশ্যে আনা হয়েছিল। ট্রাকটিতে ১২ টন চিনি রয়েছে। চিনি গলে নিচে পড়ার দৃশ্য দেখে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এগুলো জব্দ ও চারজনকে আটক করে।
ওসি আরও জানান, অভিযোগ রয়েছে আগের দিন শুক্রবার রাতেও আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে। ওই চিনিগুলো উদ্ধারে অভিযান চলছে। তবে কী উদ্দেশ্যে এবং কার কাছে এসব চিনি আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।