কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) যৌথ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু, খলিশাকুন্ডী গ্রামের আজিরউদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম, একই এলাকার মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন এবং মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মো. পাঞ্জুকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, ‘উপজেলাজুড়ে ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’