হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে এ-সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সাবেক যুগ্ম সমন্বয়ক আলমাস হোসেন জানান, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে ছাত্রলীগ। এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে, তা আগেই তাঁরা জানতে পেরেছিলেন। বিষয়টি তাঁরা পুলিশকেও জানিয়েছিলেন।

এদিকে ঘটনা জানাজানি হলে আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।