হোম > সারা দেশ > কুষ্টিয়া

এসএসসি পরীক্ষায় অকৃতাকার্য, আত্মহত্যা করল কুষ্টিয়ার তানিয়া

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

তানিয়া খাতুন (১৬)। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর তানিয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

তানিয়া উপজেলার কুচিয়ামোড়া গ্রামের চেয়ারম্যান গেটসংলগ্ন এলাকার প্রবাসী আক্তারুল হোসেনের মেয়ে। সে বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গত সোমবার দিবাগত রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, তানিয়া এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে সে বাংলা ও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফলাফল প্রকাশের পর তানিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যায়।

তানিয়ার মা কবিতা খাতুন জানান, সোমবার সন্ধ্যায় তিনি দুই মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন। রান্না শেষে প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলছিলেন। রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিদ্যুৎ ফিরে এলে পরিবারের সদস্যরা তানিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকেন। কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।