কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পুলিশের কাজে বাধা, সদস্যদের মারধর এবং তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন ওরফে জনি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রিকুইজিশন করা একটি মাইক্রোবাস নিয়ে বিশেষ অভিযানে বের হয় ডিবি পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুষ্টিয়া সরকারি কলেজের ২ নম্বর গেটের পাশে মাদক ক্রয়-বিক্রয় চলছে। রাত পৌনে ৯টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে সন্দেহভাজন এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে থামানোর চেষ্টা করে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, এ সময় মামলার নামীয় আসামিসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করেন। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের শান্ত হওয়ার আহ্বান জানানো হলেও তাঁরা তা উপেক্ষা করেন। একপর্যায়ে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য ও তাঁদের সঙ্গে থাকা এক সোর্স আহত হন।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা পুলিশের অস্ত্র, গুলি ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মজাক্কির রাব্বি বলেন, মামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কারা অভিযুক্ত, তা এখনো দেখেননি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী এসআই জনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিটি স্ক্যান করাচ্ছেন, পরে কথা বলবেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।