জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগে করা মামলার এজাহারে সাক্ষী হিসেবে নাম রয়েছে তিনজনের। তবে তাঁদের মধ্যে দুজনই জানিয়েছেন, মামলার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এমনকি কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের সাক্ষী করা হয়েছে, সে সম্পর্কেও তাঁদের কোনো ধারণা নেই। অপর সাক্ষীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে মামলাটির তদন্তের জন্য নির্ধারিত তিন দিনের সময়সীমা আজ রোববার (১৫ নভেম্বর) শেষ হচ্ছে। গত বুধবার রাতে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এ মামলা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
রোববার সরেজমিনে গিয়ে মামলার সাক্ষী কালাম হোসেন (৭০) ও হালিম হোসেনের (৫০) সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সাক্ষী কালাম হোসেন বলেন, ‘ইদ্রিস আলী বাদী হয়ে যে মামলাটি করেছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। আজ জানতে পেরেছি, ওই মামলায় আমাকে এক নম্বর সাক্ষী করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আগস্টের মাঝামাঝি সময়ে ইদ্রিস আলী গ্রাম ছেড়ে চলে যান। এরপর তাঁর বিষয়ে তেমন খোঁজখবর রাখিনি। আমার স্ত্রী অসুস্থ থাকায় তাঁর সেবা-যত্ন নিয়েই ব্যস্ত ছিলাম। ইদ্রিস আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস করতেন। পরে তাঁরা নিজেরাই এলাকা ছেড়ে চলে যান।’
অপর সাক্ষী হালিম হোসেন বলেন, ‘সকালে জানতে পেরেছি, আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। এ মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি সরকারি চাকরি করি, বাইরে থাকি। মামলায় কী ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, তা-ও বলতে পারব না।’
মামলার তৃতীয় সাক্ষী হিসেবে নাম থাকা লিটন হোসেনের (৩০) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহারে উল্লেখ করা জমিটি সরেজমিনে ঘুরে দেখা যায়, সেখানে বর্তমানে গবাদিপশুর খাদ্য হিসেবে লিপিয়ার ঘাস চাষ করা হয়েছে। জমিতে কোনো বাড়িঘর বা বসতবাড়ির অস্তিত্ব চোখে পড়েনি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একসময় সেখানে ইদ্রিস আলী পরিবার নিয়ে বসবাস করতেন। আবদুল হালিমের ভাইয়েরা ইদ্রিসের কাছে জমি বিক্রি করেছিলেন বলেও জানিয়েছেন তাঁরা।
মামলার বাদী ইদ্রিস আলী বলেন, ‘আমি এত দিন ভয়ে কিছু বলতে পারিনি। এখন মনে হয়েছে, নিজেকে রক্ষা করতে মামলা করা দরকার। আমি আমার জমি ফিরে পেতে চাই। আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমি নিয়ে হালিমের সঙ্গে বিরোধ চলছিল। পরে তাঁদের অত্যাচারে এলাকা ছেড়ে চলে আসি। এখন পাশের গ্রামে থাকি। এত দিন ভয়ে কিছু করতে পারিনি। তাই এখন মামলাটি করেছি।’
ইদ্রিস আলীর স্ত্রীও জানান, তাঁদের কেনা জমি ফিরে পাওয়ার জন্যই তাঁরা মামলা করেছেন। দীর্ঘদিন ভয়ের কারণে কোনো পদক্ষেপ নিতে পারেননি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, ‘ইদ্রিস আমাদের কাছ থেকে সাত অংশে জমি কিনেছিলেন। তবে তিনি নির্দিষ্ট একটি জায়গায় জোর করে বসবাস শুরু করেন। তিনি চলে যাওয়ার পর তাঁর জমি সেভাবেই পড়ে আছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি এলাকা ছেড়ে চলে যান। তাঁর কেনা জমি বিভিন্ন অংশে আলাদাভাবে রয়েছে।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সময় ইদ্রিস এলাকায়ই ছিলেন না। তাহলে আমি কীভাবে তাঁর ওপর হামলা করব? গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় ফসল কাটার অভিযোগে জালাল উদ্দীন নামে একজন মামলা করেছিলেন। সেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগের বিষয়েও আমি কিছু জানি না।’
নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে মামলার যোগসূত্রের আশঙ্কা প্রকাশ করে আবদুল হালিম আরও বলেন, ‘আমার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইদ্রিসকে আসামি করার ইচ্ছে থাকলে তাঁর নাম দিতাম। এত দিন পর হঠাৎ আমার বাড়িতে আগুনের ঘটনার পর কেন এই মামলা করা হলো? আমাকে হয়রানি এবং আগুনের ঘটনার মামলাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কারও প্ররোচনায় এ মামলা করা হয়ে থাকতে পারে। মামলা হয়েছে, প্রশাসন তদন্ত করবে। আইন অনুযায়ী যা হওয়ার হবে। আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।’
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতপুর থানায় আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় তাঁকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন ইদ্রিস। জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান। এ সময় ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস ও তাঁর স্ত্রীকে মারধর এবং ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বিচার চাইতে গেলে উল্টো ইদ্রিসের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, তাঁর কেনা জমি দখল করে নেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি পরিবারসহ এলাকা ছেড়ে চলে যান। দীর্ঘদিন ভয়ের কারণে মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন তিনি।
তবে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ‘এটি স্পষ্টতই একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’
নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যার বাড়িঘর আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে, এখন তাঁর বিরুদ্ধেই কোথা থেকে একজন ব্যক্তিকে নিয়ে এসে মামলা করানো হয়েছে। আমি স্পষ্ট মনে করি, এখানে প্রশাসনের এক ধরনের যোগসাজশ রয়েছে। এক বছর আগের একটি সাজানো অভিযোগ সামনে এনে আজকের মামলাটি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাব। দলের নেতারাও এ বিষয়ে কথা বলছেন। এ মামলা আমরা মানব না। কারণ, মামলাটি ভিত্তিহীন।’
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটির প্রধান করা হয়েছে কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামকে। অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
আজ রোববার তদন্ত কমিটির নির্ধারিত তিন দিনের সময়সীমা শেষ হচ্ছে।