হোম > সারা দেশ > কুষ্টিয়া

দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হচ্ছে সাধুসঙ্গ, অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আরো এক দিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সাধু-ফকির, বাউল ও ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় মুখর আখড়াবাড়ি। ছবি: আজকের পত্রিকা

মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে চলছে সাধন-ভজন, গুরুসেবা আর মরমি গানের আসর। সাধু-ফকির, বাউল ও ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় মুখর আখড়াবাড়িতে চলছে ভাবের আদান-প্রদান ও লালনের মানবতাবাদী দর্শনচর্চা। আজ সকালে বাল্যসেবা গ্রহণ শেষ হয়েছে দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হবে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা। এরপর আখড়াবাড়ি ছাড়তে শুরু করবেন সাধু-ফকির ও ভক্তরা। তবে লালনকে ঘিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আগামীকাল সোমবার গভীর রাত পর্যন্ত।

গতকাল শনিবার অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হয় সাধুসঙ্গ ও তিন দিনব্যাপী স্মরণোৎসব। লালন একাডেমির উদ্যোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন লালনভক্ত, সাধু-ফকির, বাউল ও দর্শনার্থীরা। তাঁদের পদচারণে আখড়াবাড়ি ও কালী নদীর তীরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শনিবার বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে লালনের জীবনদর্শন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ রোববার বিকেলে দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। আলোচনা সভা শেষে রাতে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় চলবে মরমি গানের আসর।

আখড়াবাড়ির বিভিন্ন স্থানে ছোট ছোট বৈঠকী আসরে চলছে লালনের গান। একতারা-দোতারার সুরে মগ্ন সাধু-ফকিররা গানের বাণী ও ভাবের আদান-প্রদানের মধ্য দিয়ে তুলে ধরছেন সাঁইজির মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার দর্শন। কেউ গানে, কেউ আলোচনায়, আবার কেউ গুরুসেবা ও সাধন-ভজনের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। তাঁদের কাছে সাধুসঙ্গ কেবল উৎসব নয়, আত্মশুদ্ধি ও মানুষকে জানার সাধনাও।

সাধু আব্দুর রাজ্জাক সাঁই বলেন, ‘দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে এক দিনের সাধুসঙ্গ শেষ হবে। এরপর আমরা সাধু-ফকিররা সাঁইজির ধাম ছাড়তে শুরু করব। আবার দোল উৎসবে সবাই একত্র হব। এটি একটি শিক্ষাকেন্দ্র। আমরা এখানে শিখতে আসি। বছরের দুটি আয়োজন আমাদের সাধু-ফকিরদের মিলনমেলায় পরিণত হয়।’

সাধু মনসুর সাঁই বলেন, লালন সাঁইয়ের বাণী গানের মাধ্যমে প্রচার করা হয় এখানে। অনেকের মধ্যে আলোচনা ও ভাবের আদান-প্রদান চলে। সব মিলিয়ে সাধুসঙ্গ মানুষের মধ্যে লালনের দর্শন ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

এদিকে সাধু-বাউল ও দর্শনার্থীদের পদচারণে আখড়াবাড়িসংলগ্ন কালী নদীর তীরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। উৎসবের পাশাপাশি মেলাকে ঘিরেও দর্শনার্থীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে মেলা প্রাঙ্গণও হয়ে উঠেছে প্রাণবন্ত।

সাধুদের মতে, এ আয়োজন কেবল গান ও উৎসবের নয়; বরং গুরু-শিষ্যের আত্মিক সম্পর্ক, আত্মশুদ্ধি এবং মানুষকে ভালোবাসার সাধনার মিলনমেলা। সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শেষ হলেও লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আরও এক দিন মুখর থাকবে ছেঁউড়িয়া।

উৎসবে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। মেলাকে মাদকমুক্ত রাখতে জোরদার করা হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন ৮৭২ জন পুলিশ সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছে আনসার ও এসআরবির বিশেষ দল।

১৩৬ বছর আগে কুমারখালীর ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে দেহত্যাগ করেন ফকির লালন সাঁই। এরপর থেকে গুরু-পরম্পরায় তাঁর মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আসছেন সাধু-ফকির ও অনুসারীরা। সেই ধারাবাহিকতায় এবারও অধিবাস, বাল্যসেবা ও পূর্ণসেবার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে মরমি এই সাধককে। পূর্ণসেবার মধ্য দিয়ে আজ সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শেষ হলেও লালনকে ঘিরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আগামীকাল সোমবার গভীর রাত পর্যন্ত। এরপর আবার দোল পূর্ণিমার উৎসবে সাঁইজির ধামে সমবেত হবেন সাধু-ফকির ও ভক্ত-অনুরাগীরা।

সাধন-ভজনে চলছে লালনকে স্মরণ

‘লালনের জীবনদর্শন ছড়িয়ে পড়ুক সারা দেশে’

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন