হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

গুলির খোসা পড়ে আছে ঘটনাস্থলে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। রবিউলের চিৎকার শুনে তাঁর মা-বাবা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ তাঁর পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করে।

আহতরা হলেন রবিউল ইসলাম (৩৬), তাঁর বাবা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), তাঁর স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী মেরিনা খাতুন (২৫)।

হামলার বিষয়ে জানতে রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতালে উপস্থিত তাঁর মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে তা-ও নিশ্চিত করে বলতে পারেননি। তিনি বলেন, ‘আমার ভাগনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এতে ১০ জন গুলিবিদ্ধ হন।’

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত পুলিশ কাজ করছে।’

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহনশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

দৌলতপুরে পীর হত্যা: প্রকাশ্যে ঘুরছেন আসামি, গ্রেপ্তার নেই

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

দৌলতপুরে পীর হত্যার ঘটনায় মামলা: জামায়াত কর্মীসহ ৪ জনের নাম

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক