হোম > সারা দেশ > কুষ্টিয়া

পাঠকবন্ধু ইবি শাখার আয়োজন

বাঁশপাতার চিঠিতে নবীনদের স্বাগত

মো. মিনহাজুর রহমান মাহিম

ছবি: সংগৃহীত

দুপুর গড়িয়ে বিকেল। ২২ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়না চত্বরে তখন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনাগোনা। নতুন ক্যাম্পাস, নতুন মুখ। সবার চোখেমুখে কৌতূহল, পরিচিত হওয়ার ব্যস্ততা।

বিশ্ববিদ্যালয়ে নতুন পা রাখা শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক স্বাগত অনুষ্ঠানের। নবীনদের হাতে তুলে দেওয়া হয় বাঁশপাতার কাগজে লেখা শুভেচ্ছাবার্তা। ইবি শাখা পাঠকবন্ধুর পক্ষ থেকে জানানো হয় আন্তরিক শুভকামনা।

আয়োজনের শুরুতে নবীনদের হাতে দেওয়া হয় বাঁশপাতার কাগজে লেখা চিঠি। চিঠিগুলোতে লেখা ছিল নতুন পথচলার শুভেচ্ছা। নতুন পরিবেশে তাদের পথচলা আনন্দময় হোক, স্বপ্নগুলো ডানা মেলুক, বিশ্ববিদ্যালয়জীবন হয়ে উঠুক সুন্দর ও স্মরণীয়, এমন প্রত্যাশার কথাই উঠে আসে সেখানে।

শুভেচ্ছাবার্তা হাতে পেয়ে নবীনদের মধ্যেও দেখা যায় আনন্দ ও উৎসাহ। পরিচিতির আনুষ্ঠানিকতা পেরিয়ে তাঁরা জানতে পারেন পাঠকবন্ধুর পথচলা, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীর উপস্থিতিতে ডায়না চত্বর হয়ে ওঠে পরিচিতি, বন্ধুত্ব ও নতুন সম্ভাবনার মিলনস্থল।

নবীনদের সঙ্গে আয়োজিত আলোচনায় পাঠকবন্ধুর কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দক্ষতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন বর্তমান কমিটির সদস্যরা। পাঠাভ্যাসের পাশাপাশি সৃজনশীলতা, পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন দক্ষতা বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়জীবনকে আরও অর্থবহ করে তোলার প্রত্যাশার কথাও উঠে আসে আলোচনায়।