কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী ও অভিযুক্ত কিশোর সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রায় দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে দাদির কাছে থাকত। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা ওই কিশোরকে ১০ টাকা দিয়ে তাঁর মেয়েকে দেওয়ার জন্য বাড়িতে পাঠান। এ সময় ওই ছাত্রী নিজ ঘরে ভাত খাচ্ছিল। ওই কিশোরও ভাত খাওয়ার কথা বলে একপর্যায়ে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছিল। গতকাল সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নেয়। পরে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, মেয়েকে ১০ টাকা দেওয়ার জন্য ওই কিশোরকে বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, তখন মেয়েকে ভাত খাওয়ার কথা বলে ধর্ষণ করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।