হোম > সারা দেশ > কুষ্টিয়া

বকেয়া চাওয়ায় দোকানিকে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

ইবি সংবাদদাতা

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

বকেয়া টাকা চাওয়ায় চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদ বিশ্বাসের বিরুদ্ধে। পরে ফোনে ওই দোকানিকে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানি জসীম শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির অডিটোরিয়াম ফটকসংলগ্ন আর.কে কফি হাউজের মালিক।

লিখিত অভিযোগে জসীম শেখ বলেন, ১৮ আগস্ট সকাল ১০টার দিকে শিক্ষার্থী শাহেদ বিশ্বাস আমার দোকানে এসে কয়েকটি পণ্য নেন। বকেয়া টাকাসহ পাওনা পরিশোধের কথা বললে শাহেদ আমার সঙ্গে তর্কে জড়ান ও হুমকি দেন। একপর্যায়ে তিনি ছুরিজাতীয় ধারালো বস্তু বের করে আঘাতের চেষ্টা করেন। আত্মরক্ষার্থে আমি সরে যাই। পরে বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি।

জসীম আরও বলেন, ২০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ফোন করে ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি আমাকে আবারও হুমকি দেওয়া হয়। এ সময় শাহেদ ‘পরে দেখে নেবে’ বলেও তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে শাহেদ বিশ্বাস বলেন, ঘটনার জন্য আমি দুঃখিত। দোকানির বাকি টাকা পরিশোধ করেছি। ঘটনার পরের দিনই বিষয়টি সমাধান হয়েছে। সেদিন আমার সঙ্গে কোনো ছুরি ছিল না, শুধু পেনসিল কাটার ছিল। চারুকলার শিক্ষার্থী হিসেবে আমাদের সঙ্গে পেনসিল, রাবার ও কাটার থাকে। তাঁকে আঘাত করার জন্য ছুরি নিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। তাঁর সঙ্গে শুধু বাগ্‌বিতণ্ডা হয়েছে। এ জন্য আমি তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছি।

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, আমি এ বিষয়ে অবগত নই। খোঁজখবর নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।