হোম > সারা দেশ > কুষ্টিয়া

চুরির অভিযোগে যুবককে বেঁধে বেধড়ক পিটুনি, শরীরে জখমসহ ভাঙা হলো পা

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় রুহুল হোসেন জয়রামপুর বাজারে গেলে সেখানকার এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর একটি পা ভেঙে যায়। একপর্যায়ে তাঁর মাথার চুলও কেটে দেওয়া হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।

দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুহুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর একটি পা ভেঙে গেছে এবং হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেছেন।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘আমি অফিশিয়াল কাজে কুষ্টিয়া সদরে থাকায় বিস্তারিত জানি না।’