মাঝিদের ছন্দময় বইঠার টান, ‘হেইও রে, হেইও’ হাঁক আর দুই পাড়ে হাজারো মানুষের উচ্ছ্বাসে চার বছর পর আবারও প্রাণের উৎসবে মেতেছে কুষ্টিয়ার গড়াই নদ। আজ শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার ঘোড়াই ঘাট এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নৌকার পাল্লার সঙ্গে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে নদের দুই পাড়।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকে ঘোড়াই ঘাট থেকে কুষ্টিয়া হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত নদের দুই পাড়ে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমতে থাকে। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নৌকাবাইচ শুরু হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকাবাইচকে ঘিরে নদের তীরে বসেছে বর্ণিল গ্রামীণ মেলা। মেলায় দেশীয় খাবার, মিষ্টি, খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের উপস্থিতিতে গড়াইয়ের দুই পাড় পরিণত হয়েছে মিলনমেলায়। ২০২২ সালের পর গড়াই নদে এমন আয়োজনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে নৌকাবাইচের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন।
আয়োজকেরা জানান, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা, বিলুপ্তপ্রায় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘নৌকাবাইচের কথা শুনেছি, তবে কখনো সরাসরি দেখা হয়নি। আজ নদের পাড়ে দাঁড়িয়ে মাঝিদের বইঠার টান আর নৌকার গতি দেখার অভিজ্ঞতা হলো।’
কুষ্টিয়া শহরের বাসিন্দা মিলন হোসেন বলেন, ‘শহুরে ব্যস্ততা ও একঘেয়েমি থেকে মুক্তি পেতেই পরিবার নিয়ে গড়াইয়ের পাড়ে ছুটে এসেছি। নদের দুই তীরে মানুষের ঢল আর উৎসবের আবহ দেখে ভীষণ ভালো লাগছে।’
উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে আসা সুসজ্জিত সাতটি বাইচাল নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী রোববার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন। বিজয়ীদের মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।