হোম > সারা দেশ > কুষ্টিয়া

মহিষ বিক্রি নিয়ে কথা–কাটাকাটি, ছেলের টর্চের আঘাতে প্রাণ গেল বাবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

নিহত বানেজ উদ্দিন চৌকিদারের মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবা নিহত হয়েছেন। ঘটনার পর থেকে তাঁর ছেলে পলাতক রয়েছেন।

রোববার রাত ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বানেজ চৌকিদার (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে। তারা চড়ইকুড়ি চল্লিশপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির একটি মহিষ বিক্রির টাকাকে কেন্দ্র করে বানেজ চৌকিদারের সঙ্গে তার মেজো ছেলে রাজিবের (২৩) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত ছেলেকে আটকের জন্য পুলিশ কাজ করছে।