হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে ভাঙারি মালামালভর্তি বস্তা নামানোর সময় বিস্ফোরণটি ঘটে। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বার হোসেনের ছেলে সুমন মিয়া (২৫) ও জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। রুহুল আমিন ওই ভাঙারির দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে সুমন একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে যান। দোকানের লোহার স্কেল মেশিনে বস্তার মালামাল ওজন করা হয়।

ওজন শেষে বস্তা থেকে মালামাল নামানোর সময় লাল টেপে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দোকানে থাকা সুমন ও রুহুল আমিন আহত হন।

দোকানমালিক রুহুল আমিন জানান, মালামাল ওজন করার পর বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী বাসচালক মিনারুল জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তিনি। মুহূর্তেই ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয় লোকজন পরে আহত দুজনকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিস্ফোরণে সুমনের ডান পায়ে তুলনামূলক বেশি আঘাত লেগেছে। রুহুল আমিনের পায়েও আঘাত রয়েছে। হাসপাতালে ভর্তি করে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে।

আহত দুজন পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি। সুস্থ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার করা আলামত ও তাঁদের বক্তব্য বিশ্লেষণ করে বিস্ফোরণের ধরন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।