প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে এসেছিলেন নেপালি যুবক রিয়ান আনসারী। দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর পর অবশেষে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় নিজ পরিবারের কাছে ফিরছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগরে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে দূতাবাসের তৃতীয় সচিব সুরাজ আমগাইনের নেতৃত্বে একটি গাড়িতে করে রিয়ানকে নিয়ে যাওয়া হয়। আগামীকাল রোববার (২২ নভেম্বর) পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।
রিয়ান আনসারী নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রিয়ান দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভবঘুরে অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন। একপর্যায়ে ফিলিপনগর এলাকার বাসিন্দা পলাশ আহমেদ তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেন। এর পর থেকে পরিবারের সদস্যের মতোই তাঁর দেখভাল করে আসছিলেন। চলতি বছরের জুলাই মাসে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত হয়। পরে নেপালে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এর পর থেকে নিয়মিত স্বজনদের সঙ্গে কথা বলতেন রিয়ান।
রিয়ানের আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, ‘প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছেই আছে। শুরুতে ওর ভাষা বুঝতে কষ্ট হতো। এখন কিছুটা বাংলা বলতে পারে। ও ভাত খেতে চায় না; মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা আর ডিমভাজি খেতে খুব পছন্দ করে। পরিবারের সন্ধান পাওয়ার পর থেকে দিনে চার-পাঁচবার বাড়িতে কথা বলার জন্য অস্থির হয়ে থাকত। ওকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে যেমন আনন্দ হচ্ছে, তেমনি দীর্ঘদিনের মায়া ছেড়ে বিদায় দিতে মনটাও খারাপ লাগছে।’
নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সুরাজ আমগাইন জানান, সরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রিয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাবান্ধা সীমান্তে তাঁর স্বজনেরা অপেক্ষা করছেন। সেখানেই তাঁকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছেন।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার জানান, সরকারি বিধিবিধান অনুসরণ করেই ওই যুবককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘদিন পর ভিনদেশি যুবক রিয়ানের পরিবারের সন্ধান পাওয়া এবং তাঁকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে বছরের পর বছর তাঁকে পরম মমতায় আগলে রাখায় আশ্রয়দাতা পলাশ আহমেদের মানবিক ভূমিকার প্রশংসা করছেন এলাকাবাসী।