হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যে কারণ জানাল অভিযুক্ত কিশোর

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

অভিযুক্ত কিশোর গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় খালার বাড়ি থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে ওই কিশোরীকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর জানিয়েছেন যে, মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির পরিবারের বাধার কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই মেয়েটিকে ছুরিকাঘাত করে সে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযানে নামে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাটিকাবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে রাতেই মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার কিশোরকে একমাত্র আসামি করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, মেয়েটির শরীরে ছুরির পাঁচটি আঘাত রয়েছে। বর্তমানে সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মেয়েটি। এ সময় পেছন থেকে এসে ওই কিশোর ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলার পুরো দৃশ্য ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

এদিকে ঘটনার পরই অভিযুক্ত কিশোর ও তার মা পূর্ব মজমপুরের বাসা ছেড়ে চলে যান। পরে পাটিকাবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। দুই ভাইয়ের মধ্যে ছোট দশম শ্রেনির ওই কিশোর।