বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নূর আলম জিকু (৪৫)। একই দিনে বাবা ও ছেলের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে চলছে শোকের মাতম।
গতকাল বুধবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের প্রয়াত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল মাগুরা থেকে ভায়রা আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। তাঁর রাতেই বাবার জানাজায় অংশ নেওয়ার কথা ছিল।
পথে কুষ্টিয়ার স্বস্তিপুর এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান জিকু। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিকুর মরদেহ উদ্ধার করে। পরে তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নূর আলম জিকু ঘটনাস্থলেই নিহত হন। তাঁর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’