কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উপজেলা শাখার সভাপতি ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মাসুম বিল্লাহ ও তাঁর সহযোগীরা জড়িত বলে অভিযোগ করেছেন সৌরভ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মণ্ডলহাট বাজারে হামলার ঘটনাটি ঘটে। আহত সৌরভ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্ত মাসুম বিল্লাহ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ও উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী গ্রামের বাসিন্দা।
আহত সৌরভের অভিযোগ, আজ মঙ্গলবার দুপুরে তিনি মণ্ডলহাট বাজারে সার কিনতে যান। এ সময় মাসুম বিল্লাহ ও তাঁর সহযোগীরা ‘বড় ছাত্রলীগবিরোধী হয়ে গেছিস’ বলেই সৌরভের ওপর অতর্কিত হামলা চালায়।
সৌরভ বলেন, ‘আমাকে কেন মারছে জানি না। ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতা নিয়ে সমালোচনা করি বলে হামলা হয়ে থাকতে পারে। আমাকে মারধরের পর বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁকে ঘটনা জানানোর পর তিনি আমাকে বলেন, “সে (মাসুম) ফ্যাসিস্ট হলেও আমার ফুপাতো ভাই। যা হওয়ার হয়েছে, ভুলে যাও।”’
এ বিষয়ে আব্দুল কাদের শামীম বলেন, ‘মাসুম ছাত্রলীগ করত এটা ঠিক। আবার সে আমার ফুপাতো ভাই, তাও ঠিক। কেন মারামারির ঘটনা ঘটল সেটা কেউই বলেনি। আমি বিষয়টি জানার পর ওদের মধ্যে হাত মিলিয়ে দিয়েছি।’
এ ঘটনার নিন্দা জানিয়ে গ্রীন ভয়েসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, ‘সৌরভ শুধু একজন পরিবেশকর্মীই নন, তিনি জুলাই গণ-অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা। তাঁর ওপর ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেব। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলি সরকার বলেন, বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।