কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন সীমানা পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।
আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’