হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মধ্যরাতে সারের গুদামে অভিযান, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে মজুত করা সার জব্দ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, অবৈধভাবে সার মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।