হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ওষুধ-চিকিৎসক নেই, পরামর্শ শুধুই মুখে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।

সূত্রে জানা গেছে, উপজেলার তিস্তা নদীবেষ্টিত বজরা, থেতরাই, গুনাইগাছ ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত হাতিয়া, বুড়াবুড়ি, সাহেবের আলগাসহ ধরনীবাড়ী, তবকপুর ইউনিয়ন ও পৌরসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। ৯টি কেন্দ্রে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ থাকলেও শুধু বুড়াবুড়ি ইউনিয়নে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছেন। বাকি ৮টি ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে স্বাস্থ্যসেবা।

মাঠপর্যায়ে ৭৫ জন সহকারী পরিদর্শিকার বিপরীতে রয়েছেন মাত্র ৪৩ জন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ।

সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিস্তা নদীর চরাঞ্চল থেকে বিভিন্ন সমস্যা নিয়ে কয়েকজন নারী সেবা নিতে এসেছেন। দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা কহিনুর বেগম রোগীদের সমস্যা শুনে শুধু মৌখিক পরামর্শ দিয়ে বিদায় করে দিচ্ছেন। এ সময় সেবা নিতে আসা মমতাজ বেগম (৩৩), রোজিনা খাতুন (৩২), রোকছানা বেগম (৪৮) ও কহিনুর বেগমসহ (৩৬) কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চরের দীর্ঘপথ হেঁটে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখি এখানে ডাক্তার নেই। একজন আপা (পরিবার কল্যাণ পরিদর্শিকা) সব সমস্যা শুনে শুধু মৌখিক পরামর্শ দিলেন। এই পরামর্শ দিয়ে আমাদের কী হবে। আমাদের প্রয়োজন ওষুধ কিন্তু তা এখানে নেই। আমরা নিম্ন আয়ের মানুষ, সরকারের দেওয়া ওষুধ পেলে আমাদের উপকার হতো।’

জানতে চাইলে থেতরাই ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা কহিনুর বেগম বলেন, ‘প্রতিদিন গড়ে ৪০-৫০ জন শিশু ও নারী সেবা নিতে আসেন। আমার একার পক্ষে এত লোকের সেবা দিতে হিমশিম খেতে হয়। আগত রোগীদের শুধু পরামর্শ দেওয়া ছাড়া ওষুধ দিতে পারি না। এ কারণে বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়। গ্রামের এই অসহায় মানুষগুলোর জন্য ওষুধ ও একজন চিকিৎসকের ব্যবস্থা করা হলে সেবার মান বৃদ্ধি পেত এবং সাধারণ মানুষ উপকৃত হতো।’

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ না থাকার কথা স্বীকার করে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বরাদ্দ না থাকায় ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের চাহিদাপত্র জেলায় দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সব সমস্যার সমাধান হবে।’

কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল হক বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ওষুধ কেনাকাটা ও সরবরাহ বন্ধ করে দেয়। ফলে এ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার নতুন করে দরপত্র আহ্বান করেছে। আশা করছি, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। আমাদের কর্মীরা গ্রামপর্যায়ে গর্ভকালীন মাতৃসেবা দিয়ে যাচ্ছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর সমস্যা আমাকে অবগত করা হয়নি। আপনার মাধ্যমে জানলাম। তারা আমাদের বিষয়গুলো জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের জন্য জানাব।’

উলিপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে ২ যুবকের মৃত্যু

উলিপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ৩

ভিজিএফের ১০৪টি স্লিপসহ আটক, গভীর রাতে থানা থেকে মুক্ত

কুড়িগ্রামে মালবাহী ট্রাক্টরের ভারে ভেঙে পড়ল সেতু, আহত ৬

রৌমারী হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, নীতিমালা লঙ্ঘনের দাবি

উলিপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে দেওয়া হচ্ছে ৮ কেজি

কুড়িগ্রামে বাঁধের জমি দখল করে স্থাপনা নির্মাণ

আবারও স্কুলমাঠে পশুর হাট, প্রশাসন নীরব

ফের সেই স্কুলমাঠে পশুর হাট, প্রশাসনের নীরবতায় প্রশ্ন