কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
মৃত শিশুরা হলো উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উমানন্দ গ্রামে বাড়ির পাশে খেলছিল শিশু মাসুদ রানা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি করতে গিয়ে পানিতে ভাসতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে দুপুর ১২টার দিকে উলিপুর পৌর সভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলছিল শিশু আরমান। একপর্যায়ে সে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম সৌরভ বলেন, শিশু আরমান ও মাসুদ রানাকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।