হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর সব শ্রেণি কক্ষের দরজা তালা দেওয়া হয়। সাপ্তাহিক ছুটি শেষে আজ সকালে বিদ্যালয় খোলার পর দেখা যায় একটি শ্রেণি কক্ষের চারটি ও অপর দুটি শ্রেণি কক্ষ থেকে ছয়টি ফ্যান এবং সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি।

খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। আজ সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি শ্রেণি কক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে দশটি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।

প্রধান শিক্ষক আরও বলেন, ‘বিদ্যালয়ে নৈশপ্রহরী নেই। চুরির ঘটনাটি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আগামীকাল জিডি করা হবে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, ‘বিদ্যালয়ের চুরির ঘটনাটি প্রধান শিক্ষক জানিয়েছেন। তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

বলদিয়া ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্গত। এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ বলেন, ‘চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’