হোম > সারা দেশ > কুড়িগ্রাম

হাঁস খাওয়ার অভিযোগে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা, মিশুকচালক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

নিহত রোস্তম আলী ওরফে খোকা মিয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদরের চরহরিকেশ এলাকায় রোস্তম আলী ওরফে খোকা মিয়া (৮০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল জলিল (৪৭) নামের এক মিশুকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চরহরিকেশ উত্তরপাড়ার বিএম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রোস্তম আলী ওরফে খোকা মিয়া। তিনি হরিকেশ কানিপাড়ার বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। আটক মিশুকচালকের নাম আব্দুল জলিল। তিনি একই এলাকার বাসিন্দা এবং মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোস্তাফা বলেন, সকালে খোকা মিয়া বিএম কলেজ মোড়ের একটি দোকানে চা খেয়ে গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় আব্দুল জলিলও সেখানে ছিলেন। হঠাৎ জলিল ছুরি বের করে খোকা মিয়ার পেটে আঘাত করেন।

মোস্তাফা বলেন, খোকা মিয়া চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা তাঁর পেট থেকে রক্ত বের হতে দেখেন। এ সময় জলিল রক্তমাখা ছুরি হাতে নিয়ে বিপরীত দিকে হাঁটতে থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে বেঁধে রাখেন এবং মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়। গুরুতর আহত খোকা মিয়াকে স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোস্তাফা আরও বলেন, ‘তিনি ভালো মানুষ ছিলেন। হাঁস জবাই করে খাওয়ার মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে হত্যা করা হয়েছে। এই অভিযোগ কোনোভাবেই সত্য নয়। আমরা এলাকাবাসী আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল দাবি করেছেন, খোকা মিয়া তাঁর পোষা হাঁস ধরে জবাই করে খেয়েছেন বলে তিনি তাঁকে ছুরিকাঘাত করেন। তবে স্থানীয় বাসিন্দারা ওই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযুক্ত আব্দুল জলিল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।