কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে চাকরি থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সাংবাদিকের কাজ প্রশ্ন করা। অনিয়ম নিয়ে এসি ল্যান্ডকে প্রশ্ন করায় দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক বিরোধী অভিযানের নামে বেআইনিভাবে তল্লাশি চালান রাফিউর রহমান। শুধু প্রতিশোধের হীন ইচ্ছা থেকেই সাজুকে ফাঁসাতে ওই অভিযান চালানো হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকেরা জানান, পরবর্তী সময়ে ওই তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এসি ল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে এসি ল্যান্ড ওই সাংবাদিককে মামলা, গুম ও হত্যার হুমকি দেন। একজন সরকারি কর্মচারীর এমন কর্মকাণ্ড অসদাচরণ ও ফৌজদারি অপরাধের শামিল।
মানববন্ধনে বক্তারা এসি ল্যান্ডের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বিতর্কিত এই কর্মকর্তা ঘুষ ছাড়া সেবা দেন না এবং সাধারণ মানুষের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।
বক্তারা সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া ওই কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্তের পর আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক কাইউম আজাদ বাবুল, ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সাজু, সাখাওয়াত হোসেন, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা।