কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে সাইদুর রহমান নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাদাপোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার সূত্রে জানা গেছে, সাইদুর রহমান কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, নিয়োগপ্রাপ্ত ওই শিক্ষকের নিজস্ব নিবন্ধন সনদ না থাকলেও অন্য ব্যক্তির নিবন্ধন সনদ ব্যবহার করে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
এ ঘটনায় জনস্বার্থে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে দেয়। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করে।
পরে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
জানা গেছে, নিয়োগ-সংক্রান্ত জালিয়াতির মামলায় এর আগেও একবার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় আড়াল করতে তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতে দায়ের করা একটি মামলায় সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।