কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে মোশারফ হোসেন নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের আগরপাট্টা এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন (৩০) আগরপাট্টা এলাকার আলম মিয়ার ছেলে।
জানা গেছে, গতকাল ইয়াবা বিক্রি ও সেবনের পাশাপাশি রিপন নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আক্রমণের অভিযোগ ওঠে মোশারফের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই মো. সেলিম হোসাইন রকি ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোশারফকে দণ্ড দেন।