হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টারকে পিটিয়ে জখম

কিশোরগঞ্জ প্রতিনিধি

মারধরে আহত স্টেশন মাস্টার খলিলুর রহমান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত পাঁচজনকে চিহ্নিত করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে স্টেশনমাস্টার খলিলুর রহমান সস্ত্রীক আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে ভৈরব থেকে কিশোরগঞ্জ রওনা হন। ট্রেনের ‘খ’ বগির ডাবল কেবিনে আগে থেকেই তুষি (২২) নামে এক নারী যাত্রী বসেছিলেন। তিনি কিশোরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা মৃত নিলু মিয়ার মেয়ে।

স্টেশনমাস্টার সস্ত্রীক একই বগির কেবিনে গেলে ওই নারী যাত্রী তাঁদের বাধা দেন। স্টেশনমাস্টার হিসেবে পরিচয় দেওয়ার পরও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে পৌঁছলে স্টেশনমাস্টার দুটি টিকিট কেটে আবারও কেবিনে ঢোকেন। তখনো ওই নারী যাত্রী তুষি তাঁদের সঙ্গে ‍দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তুষি মোবাইল ফোনে তাঁর ভাইকে বিষয়টি জানান।

ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে পৌঁছলে তুষির ভাই অন্তুসহ পাঁচজন মিলে স্টেশনমাস্টারের ওপর চড়াও হন। তাঁরা মাস্টারকে পিটিয়ে গুরুতর জখম করেন। রেলওয়ে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারী।

পরে পুলিশ ও স্থানীয়রা স্টেশনমাস্টারকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর ঘণ্টাখানেক রেলস্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। ফলে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। হামলাকারী পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার অন্তু, ইমরান, মোজাম্মেল, হিমেল ও আরিফ। তাঁদের ধরতে অভিযান চলছে।’

দেশে হাম সংক্রমণের জন্য আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

ভেনিস সিটি করপোরেশনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি আফাই আলী

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নদীতে মাছ ধরতে গিয়ে জেলে খুন, দুই ভাইকে বেঁধে মারধর

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু বাড়ি ফিরল ৩টি লাশ

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত ৯টায়, থাকছে বিশেষ ট্রেন

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের

কিশোরগঞ্জে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

কিশোরগঞ্জে প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার লুটের ঘটনায় ভাইসহ গ্রেপ্তার ২

ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনসাধারণ