হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিসিক শিল্পনগরীতে পরিচালিত অভিযান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ শনিবার বিসিক শিল্পনগরীতে পরিচালিত অভিযানে এম এম খান ফুডসকে ৪ লাখ, এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ এবং আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। তিন প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে আরও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানে পাওয়া অসংগতিগুলো দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।

এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।