হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

রোকন উদ্দিন জয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রামে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় রোকন উদ্দিন জয় (২৪) নামের এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পেছনের ঝোপঝাড়ে থাকা একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত রোকন উদ্দিন জয় পূর্ব নয়াহাটি গ্রামের কৃষক ছাত্তার মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য, উন্নত জীবনের আশায় প্রায় তিন বছর আগে সিঙ্গাপুরে যান রোকন উদ্দিন জয়। এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি। আজ সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা ছিল তাঁর।

ছাত্তার মিয়া জানান, কক্সবাজারে যাওয়ার জন্য কাপড়চোপড় কিনতে গতকাল সোমবার ১০ হাজার টাকা নিয়ে ঢাকায় গিয়েছিলেন জয়।

ছাত্তার মিয়া বলেন, ‘পরে কখন সে বাসায় এসেছে, তা জানি না। আজ সকালে আশপাশের লোকজন ঘটনাটি জানায়। পরে নিজের বাড়ির পেছনে একটি গাছে হাত-পা বাঁধা অবস্থায় ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জয়কে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে গেছে। নিহত জয়ের কোনো শত্রু ছিল না বলেও দাবি করেছেন তাঁর বাবা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তিনি দেশে এসেছিলেন। এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘কারা ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’