হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, সালিসের ভিডিও ছড়িয়ে পড়লে অভিযুক্ত আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

ধর্ষণচেষ্টার সাজা ২০ হাজার টাকায় নিষ্পত্তির চেষ্টা সালিসে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা এবং এলাকাবাসীর কাছে ক্ষমা চাইতে বলা হয়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাঁকে আটক করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ওই কিশোরীকে একটি জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে সজল মিয়ার বিরুদ্ধে। এ সময় কিশোরীর এক স্বজন ঘটনাটি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সজলকে আটক করেন।

স্থানীয়দের দাবি, প্রায় আধা ঘণ্টা পর সজলের মেয়ে জামাই ঘটনাস্থলে এসে তাঁকে নিয়ে যান। পরে এলাকার মুরুব্বি ও বাসিন্দাদের উদ্যোগে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে সজলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। তবে জরিমানার টাকা এখনো পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

জাফরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুনায়েদ তুর্য বলেন, তিনি সালিসে উপস্থিত ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীকে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে বলেছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, তাকে কেউ বিষয়টি জানাননি। ফেসবুকে ভিডিও দেখে তিনি ঘটনাটি জানতে পারেন। বর্তমান ইউপি সদস্য ও এলাকার কয়েকজন ব্যক্তি নিজেদের উদ্যোগে সালিস করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ‘অভিযুক্ত সজলকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’