হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

কিশোরগঞ্জ প্রতিনিধি

মো. ওসমান গনি

কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যকে মাদকাসক্তি পরীক্ষার (ডোপ টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে পাঠানো পুলিশ সদস্যের নাম মো. ওসমান গনি। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশে চালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্য ওসমান গনির আচরণ ও চালচলন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, কোনো পুলিশ সদস্যের মাদক ব্যবহারের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে কিংবা সন্দেহ দেখা দিলে তাঁর ডোপ টেস্ট করানো বাধ্যতামূলক। ওসমান গনির ডোপ টেস্টের চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসপি আরও জানান, অপরাধ ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।