হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে খাবারে ক্ষতিকর রং মেশানোর মামলায় বেকারিমালিকের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের মামলায় মো. শামীম নামে এক বেকারি মালিককে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ জুলাই বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। ওই দিন দুপুরে মো. শামীমের মালিকানাধীন সান বেকারি ও সততা বেকারিতে অভিযান চালাতে গেলে তিনি পালিয়ে যান। পরে সান বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় নিরাপদ খাদ্য আইনে শামীমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি আদালতে চলার পর ধারাবাহিক শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। রায়ে শামীমকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।