হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি ঠেকিয়ে ধর্ষণচেষ্টা, মামলা দায়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত জামাল উদ্দিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালত মামলাটি আমলে নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ, নিকলী উপজেলার জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

বাদীর স্বামী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে নাইট গার্ড হিসেবে কর্মরত। তাঁদের সংসারে দুটি শিশুসন্তান রয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাদীর স্বামী কর্মস্থলে চলে গেলে তিনি দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান তিনি। ঘরে ঢোকার সময় দরজার আড়ালে ওত পেতে থাকা জামাল উদ্দিন তাঁকে জাপটে ধরেন।

অভিযোগে বলা হয়, জামাল উদ্দিন হাতে থাকা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে দুই শিশুসন্তানের ঘুম ভেঙে যায়। শিশুদের কান্নাকাটি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে জামাল উদ্দিন পালিয়ে যান।

মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার পর গৃহবধূ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত বৃহস্পতিবার আদালতে মামলা করেন তিনি।

স্থানীয় কয়েকজনের দাবি, জামাল উদ্দিন একসময় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ভূমিসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামাল উদ্দিনকে বিভিন্ন সময়ে আটকের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে জারইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে আটকের দাবি করা হয়। আওয়ামী লীগ সরকারের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) পতনের কিছুদিন আগে নিকলী সদর ইউনিয়নের কুর্শা গ্রামেও একই ধরনের ঘটনায় তাঁকে আটকের অভিযোগ রয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’