কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকায় পাচারের সময় একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ভৈরব বাজারের লঞ্চ টার্মিনাল ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি চক্র উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া এলাকার ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল। পরে জাহাজে ২০ হাজার ঘনফুট মাটি বোঝাই করে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল।
খবর পেয়ে বিআইডব্লিউটিএ এর একটি দল নিয়ে মেঘনা নদীতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। অভিযানে মাটিবোঝাই ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)—(এম ০১-৪৫০৩)’ জাহাজটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে বিআইডব্লিউটিএ এর ট্রাফিক পরিদর্শক মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় জাহাজটি জব্দ করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।