হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা ও তাঁর দুই ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মঞ্জিল মিয়া (৬৫), তাঁর দুই ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি।

এর জেরে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।